POCSO-র অভিযোগ থাকা শিক্ষককে উচ্চ মাধ্যমিকের কন্ট্রোল রুমে দায়িত্বর লিস্ট ভাইরাল! চরম বিতর্ক পশ্চিম বর্ধমানে
শিক্ষকের বিরুদ্ধে উঠেছিল POCSO অভিযোগ। সেই অভিযোগের পর বদলিও করা হয়েছিল ঐ শিক্ষককে। আর এবার সেই শিক্ষককেই মাধ্যমিক পরীক্ষার কন্ট্রোল রুমের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে বলে অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে বিতর্ক। অভিযোগ, বেনাচিতি নেতাজি নগর উচ্চবিদ্যালয়ের শিক্ষক রেড ডিসেম্বর বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ২০২৪ সালের ৯ সেপ্টেম্বর প্রধান শিক্ষকের কাছে অভিযোগ জমা পড়ে। অভিযোগটি ছিল POCSO আইনের আওতায়। পরবর্তীতে তাঁকে আসানসোলের চেলিডাঙা হাইস্কুলে বদলি করা হয়। অভিযোগকারী পক্ষের দাবি, ওই বদলি শাস্তিমূলক পদক্ষেপের অংশ ছিল। বর্তমানে চেলিডাঙা হাইস্কুলে কর্মরত ওই শিক্ষককে এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষার কন্ট্রোল রুমের দায়িত্ব দেওয়া হয়েছে বলে অভিযোগ। আর এই সিদ্ধান্ত নিয়েই উঠছে একাধিক প্রশ্ন। সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ এবং বিজেপি শিক্ষা সেলের পক্ষ থেকে এই দায়িত্ব দেওয়া নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। তাঁদের বক্তব্য, একজন শিক্ষকের বিরুদ্ধে POCSO-র মতো গুরুতর অভিযোগ ওঠার পর যদি তাঁকে অন্য স্কুলে বদলি করা হয়ে থাকে, তাহলে উচ্চ মাধ্যমিক পরীক্ষার কন্ট্রোল রুমের মতো সংবেদনশীল দায়িত্ব দেওয়ার আগে বিষয়টি কতটা খতিয়ে দেখা হয়েছে? প্রশ্ন উঠছে, অভিযোগের পর প্রশাসনিক পদক্ষেপের নথি থাকা সত্ত্বেও কেন তাঁকে পরীক্ষার গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হল? দায়িত্ব দেওয়ার আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কি তাঁর বিরুদ্ধে থাকা অভিযোগ এবং পূর্ববর্তী প্রশাসনিক পদক্ষেপ পর্যালোচনা করেছে? তবে পরবর্তীকালে জানা যাচ্ছে তার নাম প্রত্যাখ্যানের জন্য পুনরায় শিক্ষা দপ্তরের কাছে দাবি জানানো হয়েছে।