পিতৃপক্ষের অবসান, সূচনা দেবীপক্ষের। আজ মহালয়া। আর এই পবিত্র সকালে প্রয়াত পূর্বপুরুষদের স্মৃতিতে শ্রদ্ধা জানাতে তর্পণে সামিল হলেন অসংখ্য মানুষ।
সকাল থেকেই দুর্গাপুর ব্যারেজের দামোদর নদের ঘাট এবং অজয় নদের বিভিন্ন ঘাটে তর্পণ করতে ভিড় জমাতে দেখা যায় পুণ্যার্থীদের। ধর্মীয় রীতি মেনে জল অর্পণের মধ্য দিয়ে পিতৃপুরুষদের স্মরণ করেন তাঁরা। ভক্তি ও শ্রদ্ধার আবহে মহালয়ার সকালে নদীর ঘাটগুলিতে দেখা যায় বিশেষ ব্যস্ততা।
দুর্গাপুর ব্যারেজে সাধারণ মানুষের সঙ্গে তর্পণ অর্পণ করেন দুর্গাপুর পূর্বের প্রাক্তন বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়।
অন্যদিকে, তর্পণকে কেন্দ্র করে যাতে কোনওরকম দুর্ঘটনা বা অপ্রীতিকর ঘটনা না ঘটে, তার জন্য সতর্ক পুলিশ প্রশাসন। দামোদর নদের ঘাটে পুণ্যার্থীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে চলছে কড়া নজরদারি। নিরাপদে তর্পণ সম্পন্ন করতেই পুলিশের এই বিশেষ তৎপরতা।
সব মিলিয়ে, মহালয়ার সকালে দুর্গাপুর ব্যারেজের দামোদর এবং অজয় নদের ঘাটে ধরা পড়ল পিতৃপুরুষদের প্রতি শ্রদ্ধা, ধর্মীয় আবেগ এবং নিরাপত্তার ঘেরাটোপে তর্পণের ছবি।