উৎসবের আলোয় সেজে উঠেছে বীরভূমের বিভিন্ন প্রান্ত। আলোর রোশনাই, মণ্ডপসজ্জা আর প্রতিমার বৈচিত্র্যের মাঝে নজর কাড়ছে শান্তিনিকেতন লাগোয়া শ্যামবাটি যুব সমিতির দুর্গাপুজো। ৫৩তম বর্ষে তাদের ভাবনায় উঠে এসেছে বর্তমান সমাজের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়—মোবাইল ফোনের সুব্যবহার ও কুব্যবহার।
আজকের দিনে মোবাইল আমাদের জীবনের অবিচ্ছেদ্য অঙ্গ। যোগাযোগ থেকে শুরু করে শিক্ষা, বিনোদন কিংবা দৈনন্দিন কাজ—সবেতেই রয়েছে মোবাইলের ব্যবহার। কিন্তু এই প্রযুক্তির অতিরিক্ত ও অপব্যবহার কীভাবে আমাদের জীবনে নেতিবাচক প্রভাব ফেলছে, সেই বাস্তব চিত্রই এবার শিল্পের মাধ্যমে তুলে ধরেছে শ্যামবাটি যুব সমিতি। পুজোর আনন্দের পাশাপাশি দর্শনার্থীদের কাছে সচেতনতার বার্তা পৌঁছে দেওয়াই তাদের এই বিশেষ ভাবনার অন্যতম উদ্দেশ্য।
শুধু আধুনিক ভাবনাই নয়, মণ্ডপসজ্জাতেও রয়েছে বিশেষ আকর্ষণ। সাবেকি সাজসজ্জার সঙ্গে পরিবেশবান্ধব মণ্ডপের মেলবন্ধনে ফুটে উঠেছে ঐতিহ্য ও শিল্পের অনন্য রূপ।
সামাজিক সচেতনতা, বাংলার ঐতিহ্য এবং পরিবেশবান্ধব ভাবনাকে এক সুতোয় বেঁধে ব্যতিক্রমী উদ্যোগের পরিচয় দিয়েছে এই পুজো কমিটি। আর এই অভিনব ভাবনা ও নান্দনিক উপস্থাপনার স্বীকৃতি হিসেবেই News 1-এর পক্ষ থেকে শ্যামবাটি যুব সমিতিকে প্রদান করা হল শারদ সম্মান।