যেকোনো প্যাকেজড খাবার কেনার আগে উপভোক্তাদের দেখে নেওয়া উচিত সেই খাবার মেয়াদোত্তীর্ণ কিনা। কারণ অনেক ক্ষেত্রেই মেয়াদ উত্তীর্ণ হওয়ার কিছুদিন আগে কোন কোন খাবার বেশ কিছুটা সস্তায় বিক্রি করে দেন খাদ্য প্রস্তুতকারী সংস্থা গুলি। সে ক্ষেত্রে দেখা যায় উপভোক্তার হাতে যখন সেই খাবার এসে পৌঁছায়, তখন সেটি ইতিমধ্যেই মেয়াদোত্তীর্ণ হয়ে গিয়েছে। তাই এ বিষয়ে উপভোক্তাকে স্বয়ং সচেতন হতে হবে। শনিবার দুর্গাপুরের সৃজনী প্রেক্ষাগৃহে 'খাদ্য সুরক্ষা' সংক্রান্ত একটি সচেতনতা শিবিরে অংশ নিতে এসে এমনই অভিজ্ঞতার কথা জানালেন রাজ্যের পূর্তমন্ত্রী ডাক্তার অজয় পোদ্দার। তিনি বলেন, বেশ কিছুদিন ধরেই সারা রাজ্য জুড়েই চলছে খাদ্যের গুণগত মান পরীক্ষা করার ধারাবাহিক অভিযান। ইতিমধ্যেই বেশ কিছু হোটেল, রেস্তোঁরা এবং খাদ্য বিক্রয়কারী সংস্থার বিরুদ্ধে নিম্নমানের খাদ্য বিক্রি করার জন্য আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।সারা রাজ্যে ধারাবাহিক এই প্রক্রিয়াটি বছরভরই চলতে থাকবে, সাধারণ মানুষ যাতে স্বাস্থ্যবিধি মেনে প্রস্তুত করা খাবারই একমাত্র খেতে পারেন সে বিষয়টি সুনিশ্চিত করতেই এই ধারাবাহিক অভিযান বলে জানান মন্ত্রী।উল্লেখ্য, গত কয়েকদিন ধরেই সারা রাজ্যে চলছে বিভিন্ন হোটেল ও রেস্তোঁরাগুলিতে খাদ্যের গুণগতমান পরীক্ষার অভিযান। সেই আবহেই শনিবার দুর্গাপুরের সৃজনীতে আয়োজিত হল 'উপভোক্তা অধিকার সুরক্ষা সপ্তাহ উদযাপন অনুষ্ঠান'। অনুষ্ঠানে রাজ্যের পূর্তমন্ত্রী অজয় পোদ্দার ছাড়াও ছিলেন দুর্গাপুর পূর্বের বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়।পাশাপাশি উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমানের জেলা শাসক পন্নামবলাম এস, দুর্গাপুরের মহকুমা শাসক অঙ্কিতা আগরওয়াল সহ প্রশাসনের একাধিক আধিকারিক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে পূর্তমন্ত্রী অজয় পোদ্দার বলেন, সাধারণ মানুষ যাতে নিরাপদ ও গুণমানসম্পন্ন খাবার পান, তা নিশ্চিত করাই প্রশাসনের অন্যতম লক্ষ্য। খাবারের গুণমান নিয়ে কোনওরকম আপস করা হবে না। সেই কারণেই বিভিন্ন হোটেল, রেস্তোরাঁ, খাবারের দোকান এবং খাদ্যদ্রব্য বিক্রির প্রতিষ্ঠানে নিয়মিত নজরদারি ও অভিযান চালানো হচ্ছে। ইতিমধ্যেই দুর্গাপুর-সহ পশ্চিম বর্ধমান জেলার বিভিন্ন এলাকায় খাদ্য সুরক্ষা দপ্তরের আধিকারিকরা একাধিক প্রতিষ্ঠানে অভিযান চালিয়েছেন। অভিযানে কোথাও নিম্নমানের খাবার, কোথাও আবার দীর্ঘদিন সংরক্ষণ করে রাখা বা বাসি খাবারের সন্ধান মিলেছে। নিয়ম না মানা প্রতিষ্ঠানগুলির বিরুদ্ধে নেওয়া হয়েছে আইনানুগ ব্যবস্থাও।পশ্চিম বর্ধমানের জেলা শাসক পন্নামবলাম এস জানান, জেলার বিভিন্ন হোটেল ও খাবারের প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে বেশ কিছু ক্ষেত্রে খারাপ ও নিম্নমানের খাবার উদ্ধার হয়েছে। নিয়মভঙ্গের অভিযোগে ইতিমধ্যেই দুটি হোটেলের বিরুদ্ধে বড় অঙ্কের জরিমানাও করা হয়েছে। তবে এই অভিযান শুধুমাত্র খাদ্য সুরক্ষা সপ্তাহকে কেন্দ্র করেই নয়, সারা বছর ধরেই নিয়মিতভাবে এই ধরণের অভিযান চালানো হবে বলে জানান তিনি। জেলা শাসকের কথায়, মানুষের খাবারের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের নজরদারি অব্যাহত থাকবে।
দুর্গাপুরে খাদ্যের গুণগত মান সংক্রান্ত সভায় মন্ত্রী অজয় পোদ্দার।
দুর্গাপুরে খাদ্যের গুণগত মান সংক্রান্ত সভায় মন্ত্রী অজয় পোদ্দার।
নিউজ১ অডিও ভয়েস: এই খবরটি শুনুন
দুর্গাপুরে খাদ্যের গুণগত মান সংক্রান্ত সভায় মন্ত্রী অজয় পোদ্দার। — ছবি: নিউজ১।