অণ্ডাল বিমানবন্দর চত্বরে রবিবার সন্ধ্যায় অনুষ্ঠিত হল অণ্ডাল বিমাননগরী ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা। আর সেই সভাতেই কমার্শিয়াল জমি নেওয়া ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা এবং প্রয়োজনীয় পরিষেবা না পাওয়া নিয়ে সরব হলেন সংগঠনের সদস্যরা।
সংগঠনের সদস্যদের অভিযোগ, বিমানবন্দর চত্বরে বহু মানুষ ব্যবসা ও শিল্প গড়ে তোলার উদ্দেশ্যে কমার্শিয়াল জমি নিয়েছেন। পরিকল্পনা ছিল, এই জমিগুলিতে ব্যবসায়িক পরিকাঠামো তৈরি হওয়ার পাশাপাশি স্থানীয় এলাকাতেও কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।
কিন্তু অভিযোগ, জমি উন্নয়নের জন্য প্রয়োজনীয় বেশ কিছু পরিকাঠামোগত পরিষেবা এখনও সম্পূর্ণভাবে পাওয়া যাচ্ছে না। অথচ জমির মালিকদের কাছ থেকে নিয়মিত মেইনটেন্যান্স ফি নেওয়া হচ্ছে। ফলে পরিষেবা এবং প্রদেয় অর্থের মধ্যে সামঞ্জস্য নিয়েই প্রশ্ন তুলছেন সদস্যরা।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, তাঁরা নিয়মিত মেইনটেন্যান্সের টাকা দিয়ে বিমাননগরীর উন্নয়নে সহযোগিতা করছেন। কিন্তু তার বিনিময়ে কমার্শিয়াল প্লটগুলিতে প্রয়োজনীয় পরিষেবা ও পরিকাঠামো না মেলায় ক্ষোভ তৈরি হয়েছে।
বার্ষিক সাধারণ সভায় সদস্যরা তাঁদের সমস্যাগুলি বিস্তারিতভাবে তুলে ধরেন। পাশাপাশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং নতুন সরকারের কাছে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখার আবেদন জানানো হয়।
সংগঠনের সদস্যদের দাবি, কমার্শিয়াল প্লটগুলিতে প্রয়োজনীয় পরিষেবা এবং পরিকাঠামো নিশ্চিত করা গেলে সেখানে শিল্প ও ব্যবসার প্রসার ঘটবে। আর শিল্প ও ব্যবসার পরিধি বাড়লে স্থানীয় যুবকদের জন্যও নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হতে পারে।
শুধু নিজেদের সমস্যার সমাধান নয়, বিমাননগরীর পরিকল্পিত উন্নয়নের দিকেও জোর দিয়েছে সংগঠন। তাঁদের দাবি, সমস্ত প্রয়োজনীয় পরিষেবা চালু করা গেলে আগামী দিনে অণ্ডাল বিমাননগরী একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকায় পরিণত হতে পারে।
পরিকল্পিত উন্নয়ন, উন্নত পরিকাঠামো এবং ব্যবসায়িক পরিসর বাড়িয়ে বিমাননগরীকে ‘গোল্ডেন সিটি’ হিসেবে গড়ে তোলার স্বপ্নও দেখছেন সংগঠনের সদস্যরা।
এখন দেখার, কমার্শিয়াল জমির পরিষেবা সংক্রান্ত এই সমস্যাগুলি নিয়ে প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কী পদক্ষেপ করে।
জমি নিয়েও মিলছে না পরিকাঠামো! অণ্ডাল বিমাননগরীতে ব্যবসায়ীদের ক্ষোভ!
জমি নিয়েও মিলছে না পরিকাঠামো! অণ্ডাল বিমাননগরীতে ব্যবসায়ীদের ক্ষোভ!
নিউজ১ অডিও ভয়েস: এই খবরটি শুনুন
জমি নিয়েও মিলছে না পরিকাঠামো! অণ্ডাল বিমাননগরীতে ব্যবসায়ীদের ক্ষোভ! — ছবি: নিউজ১।