বাড়ি ফাঁকা থাকার সুযোগে ঢুকে লুটপাট! আলমারি খুলে লক্ষাধিক টাকার সোনার অলংকার এবং নগদ টাকা চুরির অভিযোগ। দিনের বেলায় জনবহুল এলাকায় এমন চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে দুর্গাপুরের বেনাচিতির নিবেদিতা প্লেস এলাকায়।
জানা গিয়েছে, নিবেদিতা প্লেস এলাকার বাসিন্দা ঠিকাদার মোহন বন্দ্যোপাধ্যায়ের বাড়িতেই ঘটেছে এই চুরির ঘটনা।
পরিবারের দাবি, ঘটনার সময় তাঁর স্ত্রী ও ছেলে বাড়ির পাশের একটি আশ্রমে গিয়েছিলেন। আর মোহনবাবু গিয়েছিলেন শ্মশানে। সেই সময়ই বাড়ি ফাঁকা থাকার সুযোগ নেয় দুষ্কৃতীরা।
অভিযোগ, বাড়িতে ঢুকে প্রথমে ঘরের দরজা ভাঙা হয়। এরপর আলমারি এবং খাট খুলে তছনছ করা হয় ঘর। পরিবারের দাবি, আলমারিতে রাখা ছিল পরিবারের সদস্যদের বহু মূল্যের সোনার অলংকার। সেখান থেকেই দশ ভরির বেশি সোনা চুরি হয়েছে বলে অভিযোগ।
পাশাপাশি নগদ টাকাও নিয়ে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা বলে দাবি পরিবারের।
চুরির খবর জানাজানি হতেই এলাকায় ছড়িয়ে পড়ে চাঞ্চল্য। খবর দেওয়া হয় দুর্গাপুর থানায়। এরপর ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। বাড়ির ভিতরের পরিস্থিতি খতিয়ে দেখার পাশাপাশি পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন তদন্তকারী আধিকারিকরা।
পরিবারের দাবি, চুরি যাওয়া সোনার গয়না ও নগদ মিলিয়ে বিপুল পরিমাণ সম্পত্তি খোয়া গিয়েছে। ঘটনায় কার্যত সর্বস্বান্ত হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানিয়েছেন বাড়ির মালিক মোহন বন্দ্যোপাধ্যায়।
তিনি সঠিক তদন্তের মাধ্যমে চুরি যাওয়া সামগ্রী উদ্ধারের দাবি জানিয়েছেন।
তবে কীভাবে দুষ্কৃতীরা বাড়িতে ঢুকল, কীভাবে আলমারি খুলল এবং এই ঘটনায় কারা জড়িত—তা এখনও স্পষ্ট নয়।
পুরো ঘটনার তদন্ত শুরু করেছে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের দুর্গাপুর থানার পুলিশ। দিনের বেলায় জনবহুল এলাকায় বাড়িতে ঢুকে এভাবে চুরির ঘটনায় এখন এলাকার নিরাপত্তা নিয়েও উঠছে প্রশ্ন।
এখন পুলিশের তদন্তেই স্পষ্ট হবে, এই চুরির পিছনে কারা রয়েছে এবং কীভাবে মিলবে চুরি যাওয়া সোনার হদিশ।
মাস্টার কি দিয়ে আলমারি খুলে সোনা চুরি! বেনাচিতিতে চাঞ্চল্য
মাস্টার কি দিয়ে আলমারি খুলে সোনা চুরি! বেনাচিতিতে চাঞ্চল্য
নিউজ১ অডিও ভয়েস: এই খবরটি শুনুন
মাস্টার কি দিয়ে আলমারি খুলে সোনা চুরি! বেনাচিতিতে চাঞ্চল্য — ছবি: নিউজ১।