বাংলায় ক্ষমতার রংটুকুই বদল হয়েছে মাত্র! দিদির হাত থেকে ক্ষমতার চাবিকাঠি গিয়েছে দাদার হাতে! কিন্তু তাতে কি? পশ্চিমবঙ্গের হাড়ে-মজ্জায় সম্পৃক্ত হয়ে যাওয়া কাটমানি সংস্কৃতি তাতে বিন্দুমাত্রও টাল খায়নি! তৃণমূলের ছেড়ে আসা জুতোতেই নিঃশব্দে পা গলিয়ে এখন নিশ্চিন্তে লাগামহীন ভাবে কাটমানি খেয়ে চলেছে গেরুয়া জার্সি পরা একশ্রেণীর তোলাবাজ! বিজেপির এই লাগামহীন তোলাবাজির ছবি দেখে ইতিমধ্যেই বিষয়টি নিয়ে দিল্লীর নেতাদের কাছে নালিশ জানিয়েছেন খোদ দলের রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য।প্রধানমন্ত্রী,স্বরাষ্ট্র মন্ত্রী সহ দলের সর্বোচ্চ নেতৃত্বের কাছে এই কাট মানি সংস্কৃতি অবিলম্বে বন্ধ করতে চেয়ে তিনি ইতিমধ্যেই তাঁদের কাছে পাঠিয়েছেন অসংখ্য নাম সংবলিত এক সুদীর্ঘ তালিকা। শমীক বাবু দিল্লির প্রভুদের কাছে তোলাবাজদের নামের তালিকা পাঠালেও তাতে বয়েই গিয়েছে এ রাজ্যের ছাপমারা কাটমানি খোরদের! তৃণমূল যেখানে শেষ করেছিল, সেই রিলে রেসের ব্যাটন এখন বিজেপি নেতাদের হাতে হাতে ঘুরছে! দুর্গাপুর পূর্বের বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ এক বিজেপি যুবনেতা ইতিমধ্যেই বিধায়কের নাম করে বাজার থেকে লক্ষ লক্ষ টাকা তুলতে শুরু করেছেন। 'নিউজ ওয়ান' এর হাতে আসা এমনই একটি গোপন ভিডিয়োয় দেখা যাচ্ছে, সন্ন্যাসী চরণ চক্রবর্তী নামে ওই যুবনেতা খোদ বিধায়কের নাম করে এক ক্ষুদ্র ব্যবসায়ীর কাছ থেকে ৩ লক্ষ টাকা দাবি করছেন। সন্ন্যাসী বাবুকে বলতে শোনা যাচ্ছে, তিন লক্ষ টাকা দিলে বিধায়কের কোটায় ওই ক্ষুদ্র ব্যবসায়ীকে কোন একটি বেসরকারি কারখানায় কাজ দেওয়া হবে! এ যেন একেবারে হুবহু তৃণমূল জমানার কার্বন কপি! তৃণমূলের নেতারা যেভাবে বিপুল অংকের টাকা নিয়ে দুর্গাপুর ইস্পাত, মিশ্র ইস্পাত সহ শহরের বিভিন্ন কলকারখানায় অস্থায়ী ঠিকা শ্রমিক নিয়োগ করতেন, ঠিক সেই একই কায়দায় মোটা অংকের টাকার বিনিময়ে বেসরকারি কারখানায় কাজ পাইয়ে দেবার প্রতিশ্রুতি দিতে দেখা যাচ্ছে সন্ন্যাসী চরণ চক্রবর্তী নামে ওই ব্যক্তিকেও! প্রশ্ন উঠছে, কে এই সন্ন্যাসী চরণ চক্রবর্তী? খোঁজ দিয়ে জানা যায়, তিনি দুর্গাপুরের কাঁকসা ব্লকের আমলাজোড়া গ্রাম পঞ্চায়েতের অধীন মানিকারা গ্রামের বাসিন্দা।রাজ্যে সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনের প্রচারের সময় এই সন্ন্যাসী বাবুকেই অত্যন্ত ঘনিষ্ঠভাবে দুর্গাপুর পূর্বের বিজেপি প্রার্থী চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ঘুরতে দেখা গিয়েছে। বেশ কিছু জায়গায় খোদ বিধায়কের সঙ্গে তোলা তাঁর সেই ছবি পোস্ট করে তিনি বাজারে এটাই প্রমাণ করতে চাইছেন, বিধায়কের পয়লা নম্বর এজেন্ট হিসেবে তিনিই বাজারে কাজ শুরু করেছেন! তাই বিধায়ককে দেওয়ার নাম করে তিনি বিভিন্ন ব্যক্তির কাছ থেকে এইভাবে টাকা তুলে বেড়াচ্ছেন বলে অভিযোগ উঠেছে। অনেকেরই স্মরণে থাকতে পারে, ২০১১ সালে রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর দুর্গাপুর ইস্পাত সহ বেশ কয়েকটি কারখানায় ঠিকা শ্রমিক নিয়োগের ক্ষেত্রে কত ভয়ংকর ভাবে দিনে ডাকাতি শুরু করেছিল তৃণমূলের জামা পরা কয়েকজন শ্রমিক নেতা! গোপালমাঠ গ্রামের বাসিন্দা এক ওজনদার তৃণমূল নেতা রীতিমতো তোলাবাজির দোকান খুলে বসেছিলেন! তাঁর সেই সিন্ডিকেটে যারা কাজ করত, তাদের অনেকেই ছোট চারাপোনা থেকে ক্রমে কুমির ও হাঙরে পরিণত হয়! তোলাবাজিকে প্রায় শিল্পের পর্যায়ে তুলে নিয়ে যাওয়া সেই ওজনদার তৃণমূল নেতার বিরুদ্ধে তৃণমূলের জমানায় কোন শাস্তি মূলক ব্যবস্থা তো নেওয়া হয়ইনি, রাজ্যে পালাবদলের পরও কোন এক রহস্যজনক কারণে তিনি আজও ডিম থেরাপি সহ অন্যান্য ট্রিটমেন্টের আওতার বাইরেই রয়ে গিয়েছেন! প্রশ্ন উঠছে বর্তমান রাজ্য সরকারের বয়স সদ্য তিন মাস পেরিয়েছে। এরই মধ্যে এরকম লাগামহীন ভাবে বিধায়ক, সাংসদদের নাম করে যারা তোলাবাজি শুরু করেছে তাদের বিরুদ্ধে কি আদৌ বিজেপির তরফে কোন রকম ব্যবস্থা গ্রহণ করা হবে?বিষয়টি কি বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় আদৌ জানেন যে তাঁর নাম করে বাজার থেকে ওইসব কুখ্যাত তোলাবাজরা কিভাবে লাগামহীন ভাবে তোলাবাজি করে বেড়াচ্ছে? এ বিষয়ে খোদ চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়কে ফোন করা হলে তিনি বলেন, সম্পূর্ণ বিষয়টি তিনি স্বয়ং জানেন।যার নামে টাকা চাওয়ার অভিযোগ উঠেছে, সেই ব্যক্তি অর্থাৎ সন্ন্যাসী চরণ বাবুর কাছে ওই ব্যক্তি এক লক্ষ টাকা পাবেন। সেই টাকা যাতে উদ্ধার হয় সেই কারণেই গোপনে ওই ভিডিওটি তোলা হয়। সংশ্লিষ্ট ব্যক্তি এ বিষয়ে কোন লিখিত অভিযোগ জানালে তার ভিত্তিতে তিনি পুলিশের কাছেও সন্ন্যাসীর বিরুদ্ধে এফআইআর দায়ের করবেন।তবে সন্ন্যাসী বাবু বিজেপির কোন পদাধিকারী নন বলে স্পষ্ট জানিয়ে দেন চন্দ্রশেখর বাবু। প্রশ্ন উঠছে, যারা একজন মাননীয় বিধায়কের নামে এই ধরণের কাটমানি ও তোলাবাজির দোকান খুলে বসেছে, বিজেপির জামা পরা ওইসব কুশীলবদের বিরুদ্ধে কোনরকম শাস্তি মূলক ব্যবস্থা কি দলের তরফে নেওয়া হবে? নাকি তৃণমূলের শূন্য সিংহাসন এই ভাবেই তারা মণিমুক্ত দিয়ে আলোকিত করে রাখবেন!
বিধায়কের নামে খোলা হল তোলাবাজির দোকান!!গোপন ভিডিও ফাঁস!!
বিধায়কের নামে খোলা হল তোলাবাজির দোকান!!গোপন ভিডিও ফাঁস!!
নিউজ১ অডিও ভয়েস: এই খবরটি শুনুন
বিধায়কের নামে খোলা হল তোলাবাজির দোকান!!গোপন ভিডিও ফাঁস!! — ছবি: নিউজ১।