প্রেসক্রিপশন ছাড়া সংবেদনশীল ওষুধ বিক্রি রুখতে বর্ধমান শহরের ওষুধের দোকানগুলিতে বিশেষ অভিযান চালাল ড্রাগ কন্ট্রোল দপ্তর।
বর্ধমানের BC রোডের একাধিক ওষুধের দোকানে এদিন নথিপত্র খতিয়ে দেখা হয়। মূল লক্ষ্য, চিকিৎসকের বৈধ প্রেসক্রিপশন ছাড়া মাদকজাতীয় বা ঘুমের ওষুধ বিক্রি হচ্ছে কি না এবং ওষুধ বিক্রির ক্ষেত্রে নিয়ম মানা হচ্ছে কি না, তা যাচাই করা।
ড্রাগ ইন্সপেক্টর আব্দুল ওয়াদুদ জানান, NDPS আইনের আওতাভুক্ত ওষুধ চিকিৎসকের বৈধ প্রেসক্রিপশন ছাড়া বিক্রি করা দণ্ডনীয় অপরাধ। এদিন বিশেষভাবে নাইট্রাজেপাম, ট্যাপেন্টাডল এবং কোডিন ফসফেটের মতো সংবেদনশীল ওষুধের ক্রয়-বিক্রয় সংক্রান্ত নথি পরীক্ষা করা হয়।
অভিযান চলাকালীন কোনও ওষুধ বাজেয়াপ্ত বা নমুনা সংগ্রহ করা হয়নি। তবে নির্দিষ্ট কিছু ওষুধের ক্রয় ও বিক্রির পারচেজ বিল এবং সেল বিল নির্দিষ্ট সময়ের মধ্যে ড্রাগ কন্ট্রোল দপ্তরে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
আধিকারিকের স্পষ্ট বার্তা, নির্ধারিত সময়ের মধ্যে বৈধ নথি বা বিল পেশ করতে না পারলে সংশ্লিষ্ট দোকানের বিরুদ্ধে ড্রাগস অ্যান্ড কসমেটিকস আইন অনুযায়ী আইনি পদক্ষেপ নেওয়া হতে পারে।
দপ্তরের তরফে জানানো হয়েছে, কোনও নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এই অভিযান নয়। যুবসমাজকে ওষুধের অপব্যবহার থেকে রক্ষা করা এবং ওষুধ ব্যবসায়ীদের নিয়ম মেনে ওষুধ বিক্রির বিষয়ে সচেতন করাই এই নজরদারির মূল উদ্দেশ্য।
আগামী দিনেও বর্ধমান শহরের অন্যান্য ওষুধের দোকানে পর্যায়ক্রমে এই ধরনের নজরদারি চালানো হবে বলে জানিয়েছে ড্রাগ কন্ট্রোল দপ্তর।