হাতে সংবিধানের কপি, মুখে স্লোগান—মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দুর্গাপুরের রাজপথে প্রতিবাদ মিছিল করল কংগ্রেস।
দুর্গাপুরের সিটি সেন্টার চত্বরে এই কর্মসূচির আয়োজন করা হয়। হাতে সংবিধানের কপি নিয়ে মিছিলে অংশ নেন কংগ্রেসের নেতা-কর্মী ও সমর্থকেরা। নির্বাচন কমিশনের ভূমিকা এবং ভোটার তালিকা নিয়ে একাধিক অভিযোগ তুলে সরব হন তাঁরা।
কংগ্রেসের অভিযোগ, দেশের গণতান্ত্রিক ব্যবস্থার অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। দিল্লিতে সংবিধান রক্ষার দাবিতে বিরোধীদের আন্দোলনে পুলিশি হস্তক্ষেপ এবং আন্দোলনকারীদের গ্রেফতারের অভিযোগও তোলা হয় এদিনের কর্মসূচি থেকে।
কংগ্রেসের আরও অভিযোগ, ভোটার তালিকা থেকে যোগ্য ভোটারদের নাম বাদ পড়ার কারণে অনেকে ভোটাধিকার প্রয়োগের সুযোগ থেকে বঞ্চিত হয়েছেন। এই অভিযোগের দায় নির্বাচন কমিশনকে নিতে হবে বলে দাবি কংগ্রেস নেতৃত্বের।
জেলা কংগ্রেসের সভাপতি দেবেশ চক্রবর্তী বলেন, তাঁদের অভিযোগ অনুযায়ী মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের ভূমিকা সংবিধান ও গণতন্ত্রের পরিপন্থী। ভোটার তালিকা থেকে বহু যোগ্য ভোটারের নাম বাদ দেওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি। তাঁর বক্তব্য, এর প্রতিবাদেই দুর্গাপুরে এই আন্দোলন।
উল্লেখ্য, SIR ও ভোটার তালিকা সংশোধন নিয়ে রাজনৈতিক বিতর্কের মধ্যে নির্বাচন কমিশন দাবি করেছে, প্রক্রিয়াটি নির্দিষ্ট আইন ও নিয়ম মেনেই পরিচালিত হচ্ছে এবং যোগ্য ভোটারদের নাম নিশ্চিত করাই এর উদ্দেশ্য।