ডিভিসিতে যোগ্য প্রার্থীদের নিয়োগের দাবি এবং ‘ফলস এমপ্লয়মেন্ট’ হিসেবে চিহ্নিত নিয়োগ বাতিলের কথা জানালেন রানিগঞ্জ বিধানসভার বিধায়ক পার্থ ঘোষ।
শনিবার অন্ডাল বাজারে ডিভিসির নবগঠিত কমিটি এবং বিএমএস নেতৃত্বের সঙ্গে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। সেই বৈঠকে ডিভিসির নিয়োগ সংক্রান্ত একাধিক বিষয় নিয়ে আলোচনা হয় বলে জানা গিয়েছে।
বিধায়ক পার্থ ঘোষ জানান, এখনও পর্যন্ত ডিভিসিতে এমপ্লয়মেন্টের মাধ্যমে যাঁরা চাকরি করছেন, তাঁদের মধ্যে যাঁদের নিয়োগ নিয়ে প্রশ্ন রয়েছে, তাঁদের একটি তালিকা তৈরি করা হবে। এরপর সেই তালিকা অনুযায়ী ‘ফলস এমপ্লয়মেন্ট’ বাতিলের উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি।
তাঁর দাবি, কারও কর্মসংস্থান কেড়ে নেওয়ার উদ্দেশ্য নেই। তবে যাঁরা যোগ্য হওয়া সত্ত্বেও এখনও চাকরি পাননি, সেই বেকার যুবকদের ডিভিসিতে নিয়োগের সুযোগ করে দেওয়া প্রয়োজন। পুজোর আগে অথবা পরে নিয়োগ প্রক্রিয়া শুরুর আগে একটি তালিকা তৈরি করা হবে বলেও জানান বিধায়ক।
এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন বিএমএসের রাজ্য সভাপতি উজ্জ্বল মুখার্জি, রানিগঞ্জ বিধানসভার বিধায়ক পার্থ ঘোষ, জয়ন্ত মিশ্র, জেলা সেক্রেটারি মৃন্ময় বন্দ্যোপাধ্যায়, বিএমএস-বিএসটিপিএস ইউনিটের সভাপতি বলবীর সিং-সহ ডিভিসি এমপ্লয়মেন্টের কর্মী এবং বিএমএসের কর্মী-সমর্থকেরা।
ডিভিসিতে নিয়োগ সংক্রান্ত এই সিদ্ধান্ত ঘিরে আগামী দিনে কী পদক্ষেপ করা হয়, এখন সেদিকেই নজর থাকবে।