বারাবনি বিধানসভা এলাকার নুনি পঞ্চায়েতে নতুন প্রধান ও উপপ্রধান নির্বাচিত হলেন। পঞ্চায়েতের সমস্ত সদস্যকে নিয়ে আজ অনুষ্ঠিত হয় প্রধান নির্বাচন। নির্বাচনে প্রধান পদে নির্বাচিত হন ঋতু বাউরি এবং উপপ্রধান হন সীমা মণ্ডল।
নতুন প্রধান নির্বাচিত হওয়ার পর বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে দেখা যায় উচ্ছ্বাস। একে অপরকে আবির মাখিয়ে আনন্দ প্রকাশ করেন তাঁরা।
এই প্রসঙ্গে বারাবনির বিধায়ক অরিজিৎ রায়ের বাবা অমল রায় অভিযোগ করেন, গত ১৫ বছর ধরে এই পঞ্চায়েতে দুর্নীতি হয়েছে। উন্নয়নের কাজ না করে কাটমানি নেওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি। তাঁর বক্তব্য, বিজেপি সরকার গঠনের পর নুনি পঞ্চায়েতে প্রথমবার বিজেপির প্রধান নির্বাচিত হলেন। এবার পঞ্চায়েতে উন্নয়নের কাজ হবে।
বিজেপির জেলা কমিটির নেতা উজ্জ্বল ধীবর বলেন, নুনি এলাকার মানুষের জন্য আজকের দিনটি অত্যন্ত আনন্দের। তিনি জানান, যোগ্য সকলকে আবাস যোজনার আওতায় ঘর দেওয়ার পাশাপাশি বিভিন্ন এলাকায় রাস্তা ও নিকাশি ব্যবস্থার উন্নয়ন করা হবে।
নবনির্বাচিত প্রধান ঋতু বাউরি বলেন, তিনি সততা ও নিষ্ঠার সঙ্গে পঞ্চায়েতের মানুষের জন্য কাজ করবেন। যে কোনও দলের মানুষই হোন, সকলের সমস্যা সমাধানের চেষ্টা করবেন বলে জানান তিনি।
এদিন উপস্থিত ছিলেন বারাবনি বিজেপি মণ্ডল-২-এর নেতা সোনা ব্যানার্জি সহ বিজেপির অন্যান্য কর্মী-সমর্থকরা।
বিজেপির নতুন প্রধান, উচ্ছ্বাসে আবির খেললেন কর্মীরা
বিজেপির নতুন প্রধান, উচ্ছ্বাসে আবির খেললেন কর্মীরা
নিউজ১ অডিও ভয়েস: এই খবরটি শুনুন
বিজেপির নতুন প্রধান, উচ্ছ্বাসে আবির খেললেন কর্মীরা — ছবি: নিউজ১।