দুই তৃণমূল কর্মীকে গ্রেফতারের দাবিতে কাঁকসা থানার সামনে বিক্ষোভ বিজেপি কর্মী-সমর্থকদের।
বেলডাঙ্গা এলাকার দুই তৃণমূল নেতা সন্দীপ কর্মকার ও প্রদীপ কর্মকারকে গ্রেফতারের দাবিতে এই বিক্ষোভ বলে বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়েছে।
বিজেপি কর্মীদের অভিযোগ, নির্বাচনের পর থেকেই ওই দুই তৃণমূল নেতা এলাকা ছাড়া ছিলেন। সম্প্রতি এলাকায় ফিরে আসার পর বিজেপি কর্মীদের বিভিন্নভাবে হুমকি দেওয়া শুরু করেন তারা।
অভিযোগ, এক বিজেপি কর্মীকে ফোন করে মিথ্যা কথা বলে একটি হোটেলে ডেকে নেওয়া হয়। বিজেপির দাবি, সেখানে ওই কর্মীকে মারধরের পরিকল্পনা করা হয়েছিল। বিষয়টি বুঝতে পেরে বিজেপি কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে তাদের ঘিরে ধরেন।
এরপর পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। স্থানীয় বাসিন্দাদের একাংশ ওই দুই ব্যক্তিকে মারধর করেন বলে অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কাঁকসা থানার পুলিশ। পুলিশ দুজনকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এরপরই দুই তৃণমূল নেতাকে গ্রেফতারের দাবিতে কাঁকসা থানার সামনে বিক্ষোভে বসেন বেলডাঙ্গা এলাকার বিজেপি কর্মী-সমর্থকেরা। বিক্ষোভ শেষে কাঁকসা থানায় লিখিত অভিযোগও দায়ের করা হয় বিজেপির পক্ষ থেকে।
এদিকে, বিজেপি কর্মী ও স্থানীয় বাসিন্দাদের আরও অভিযোগ, সন্দীপ কর্মকার ওরফে মিঠুনের বিরুদ্ধে এলাকার একাধিক মানুষের কাছ থেকে টাকা নেওয়া এবং সেই টাকা ফেরত না দেওয়ার অভিযোগ রয়েছে। এমনকি, তাঁর কাছে কাজের টাকা পাওনা রয়েছে—এমন অভিযোগও করেছেন কয়েকজন।
বিজেপির দাবি, এর আগেও সন্দীপ কর্মকারের বিরুদ্ধে কাঁকসা থানায় একাধিকবার অভিযোগ জানানো হয়েছিল। কিন্তু পুলিশ কোনও ব্যবস্থা নেয়নি বলেও অভিযোগ বিজেপির।
তাই এবার শুধু অভিযোগ নয়, অভিযুক্ত দুই তৃণমূল নেতাকে অবিলম্বে গ্রেফতার করে কঠোর শাস্তির দাবি জানিয়ে সরব হয়েছেন বিজেপি কর্মীরা।
তবে এই সমস্ত অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য এখনও সামনে আসেনি। অভিযোগের সত্যতা এবং ঘটনার সম্পূর্ণ কারণ তদন্তের পরই স্পষ্ট হবে।
ঘটনাকে কেন্দ্র করে কাঁকসার বেলডাঙ্গা এলাকায় রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে।
দুই তৃণমূল নেতাকে গ্রেফতারের দাবিতে কাঁকসা থানায় বিজেপির বিক্ষোভ!
দুই তৃণমূল নেতাকে গ্রেফতারের দাবিতে কাঁকসা থানায় বিজেপির বিক্ষোভ!
নিউজ১ অডিও ভয়েস: এই খবরটি শুনুন
দুই তৃণমূল নেতাকে গ্রেফতারের দাবিতে কাঁকসা থানায় বিজেপির বিক্ষোভ! — ছবি: নিউজ১।