টানা বৃষ্টিতে জলমগ্ন দুর্গাপুরের একাধিক এলাকা।
শুধু রাস্তা কিংবা বাড়ির উঠোন নয়, একাধিক বাড়ির মেঝেতেও ঢুকে পড়েছে জল। রাত থেকেই কার্যত দুর্বিষহ পরিস্থিতির মধ্যে দিন কাটাচ্ছেন বাসিন্দারা।
দুর্গাপুরের ৪১ নম্বর ওয়ার্ডের বীরভানপুর নামো মাঠ এলাকার ছবি এখন এমনই। জলমগ্ন রাস্তায় যাতায়াতেও তৈরি হয়েছে চরম সমস্যা। বাড়ির ভিতরে জল ঢুকে পড়ায় আসবাবপত্র ও অন্যান্য সামগ্রী নষ্ট হওয়ার আশঙ্কাও তৈরি হয়েছে।
এলাকার পাশ দিয়ে বয়ে গিয়েছে একটি ক্যানেল। স্থানীয়দের অভিযোগ, টানা বৃষ্টির পর ক্যানেলের জল উপচে পড়ার পাশাপাশি এলাকার নিকাশি ব্যবস্থাও ঠিকমতো কাজ করছে না। ফলে জল দ্রুত নামছে না।
রাতভর বৃষ্টির পর সকাল হতেই দেখা যায়, রাস্তা থেকে শুরু করে বাড়ির উঠোন—এমনকী ঘরের মেঝেতেও জল জমে রয়েছে।
স্থানীয় বাসিন্দাদের দাবি, এই সমস্যা নতুন নয়। ২০০৯ সাল থেকেই বর্ষা এলেই একই সমস্যার মুখে পড়তে হচ্ছে তাঁদের। বছরের পর বছর ধরে জলমগ্নতার সমস্যা থাকলেও এখনও স্থায়ী সমাধান হয়নি বলে অভিযোগ।
একাধিকবার দুর্গাপুর নগর নিগম, স্থানীয় প্রশাসন এবং সেচ দপ্তরকে বিষয়টি জানানো হয়েছে বলেও দাবি বাসিন্দাদের। কিন্তু অভিযোগ, বারবার জানানো সত্ত্বেও নিকাশি ব্যবস্থার স্থায়ী উন্নতি কিংবা জল বের করে দেওয়ার উপযুক্ত ব্যবস্থা করা হয়নি।
ফলে বৃষ্টি শুরু হলেই আতঙ্কে থাকতে হয় বীরভানপুর নামো মাঠ এলাকার বাসিন্দাদের। কখন বাড়িতে জল ঢুকে পড়বে, সেই চিন্তাতেই রাত কাটাতে হয় বলে অভিযোগ তাঁদের।
এবারও টানা বৃষ্টিতে একাধিক বাড়িতে জল ঢুকে পড়ায় কার্যত বিপর্যস্ত জনজীবন।
এলাকার বাসিন্দা সোমা নাহা ও পলাশ মণ্ডলের অভিযোগ,
“বৃষ্টি হলেই আমাদের আতঙ্কের মধ্যে থাকতে হয়। প্রত্যেক বছর জলমগ্ন হয়ে যায় আমাদের বাড়ি। আমরা আগেও বারবার নগর নিগমে এবং সেচ দপ্তরে জানিয়েছি। কিন্তু কোনও কাজ হয়নি। নতুন সরকারের কাছে আমাদের আবেদন, এই সমস্যার যাতে স্থায়ী সমাধান হয়, সেই ব্যবস্থা করা হোক।”
স্থানীয়দের দাবি, শুধু সাময়িকভাবে জল সরানো নয়, ক্যানেল ও নিকাশি ব্যবস্থার সমস্যার স্থায়ী সমাধান করা হোক। যাতে বর্ষা এলেই ফের জলমগ্ন হয়ে পড়তে না হয় গোটা এলাকা।
টানা বৃষ্টিতে জলমগ্ন বীরভানপুর, ঘরে ঘরে ঢুকছে জল!
টানা বৃষ্টিতে জলমগ্ন বীরভানপুর, ঘরে ঘরে ঢুকছে জল!
নিউজ১ অডিও ভয়েস: এই খবরটি শুনুন
টানা বৃষ্টিতে জলমগ্ন বীরভানপুর, ঘরে ঘরে ঢুকছে জল! — ছবি: নিউজ১।