নারীশিক্ষার উৎকর্ষতা বৃদ্ধির পাশাপাশি বিজ্ঞান ও প্রযুক্তি নির্ভর শিক্ষা, গবেষণা এবং পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণে নতুন দিশা দেখাতে বিশেষ উদ্যোগ নিল 'আসানসোল গার্লস কলেজ'। শুক্রবার কলেজে একটি 'কনটেন্ট ক্রিয়েটিং ল্যাবরেটরি' নির্মাণের পাশাপাশি ফার্ম ডাইভার্সিটি পার্ক, বাটারফ্লাই গার্ডেন এবং জল সংরক্ষণ কেন্দ্রিক একাধিক পরিকল্পনা গৃহীত হয়।এদিন কলেজের ‘নিবেদিতা ভবন’-এর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হয়ে এমনই বেশ কিছু মেগা পরিকল্পনার কথা জানান রাজ্যের তথ্য প্রযুক্তি ও ইলেকট্রনিক্স দপ্তরের মন্ত্রী ড. কল্যাণ চক্রবর্তী। কলেজের নতুন ভবনটি 'রুসা'-র আর্থিক অনুদানে নির্মিত হয়েছে। কলেজ কর্তৃপক্ষ জানিয়েছেন, নতুন ভবনের দুটি বড় কক্ষকে ভবিষ্যতে কনটেন্ট ক্রিয়েটিং ল্যাবে রূপান্তর করার পরিকল্পনা রয়েছে তাঁদের।কলেজ কর্তৃপক্ষের দাবি,বহু পিছিয়ে থাকা প্রান্তিক পরিবারের ছাত্রী এখানে পড়াশোনা করেন। নানা কারণে সবসময় তাঁদের পক্ষে নিয়মিত কলেজে উপস্থিত থাকা সম্ভব হয় না। তাই শিক্ষক-শিক্ষিকাদের তৈরি করা পাঠের ডিজিটাল কনটেন্ট রেকর্ড করে অনলাইনে ছাত্রছাত্রীদের কাছে পৌঁছে দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। এর ফলে প্রয়োজন অনুযায়ী ছাত্রীরা বাড়িতে বসেও পাঠ বারবার দেখতে ও শুনতে পারবেন। এই বিষয়ে মন্ত্রী ড.কল্যাণ চক্রবর্তী জানান, কলেজ কর্তৃপক্ষ কনটেন্ট ক্রিয়েটিং ল্যাবের জন্য 'ডিটেইল প্রোজেক্ট রিপোর্ট' বা 'ডিপিআর' তৈরি করে সংশ্লিষ্ট দফতরে পাঠালে তা বিবেচনা করা হবে। মন্ত্রী বলেন, বহু দেশীয় উদ্ভিদ প্রজাতি বর্তমানে প্রায় বিলুপ্তির মুখে। কলেজ ক্যাম্পাসেই সেগুলির সংরক্ষণ করা গেলে পড়ুয়াদের হাতে-কলমে শিক্ষা যেমন হবে,তেমনই তৈরি হতে পারে গবেষণার ক্ষেত্রও।
এদিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রামকৃষ্ণ মিশন আশ্রম স্কুলের অধ্যক্ষ স্বামী ভারুপানন্দজী মহারাজ, কলেজের অধ্যক্ষ ড. স্বাতী নন্দী চক্রবর্তী সহ কলেজের অধ্যাপিকা ও অন্যান্যরা।
নারী শিক্ষার উৎকর্ষতার লক্ষ্যে একগুচ্ছ পরিকল্পনা আসানসোল গার্লস কলেজের!
নারী শিক্ষার উৎকর্ষতার লক্ষ্যে একগুচ্ছ পরিকল্পনা আসানসোল গার্লস কলেজের!
নিউজ১ অডিও ভয়েস: এই খবরটি শুনুন
নারী শিক্ষার উৎকর্ষতার লক্ষ্যে একগুচ্ছ পরিকল্পনা আসানসোল গার্লস কলেজের! — ছবি: নিউজ১।