বাংলায় শিল্পের পরিবেশ ফেরানো এবং শিল্পায়নের গতি বাড়ানোর বার্তা দিলেন রাজ্যের শিল্পমন্ত্রী তাপস রায়। পাণ্ডবেশ্বরের বাঁকোলায় শিল্পপতি ও উদ্যোগপতিদের নিয়ে আয়োজিত শিল্প সম্মেলন থেকে পূর্বতন সরকারগুলির বিরুদ্ধে শিল্পনীতি, জমির নীতি এবং পরিকাঠামোর ঘাটতির অভিযোগ তুললেন তিনি।
শিল্পমন্ত্রী বলেন, “উত্তরাধিকার সূত্রে আমরা কিছুই পাইনি। সব করতে হচ্ছে।” তাঁর দাবি, দীর্ঘ ৪৯ বছরে রাজ্যে শিল্পের জন্য প্রয়োজনীয় পরিকাঠামো, ল্যান্ড ব্যাংক এবং কার্যকর শিল্পনীতির ঘাটতি তৈরি হয়েছে। সেই শূন্যতা পূরণে বর্তমান সরকার কাজ করছে বলেও জানান তিনি।
শিল্পের জন্য জমি নিয়ে কড়া বার্তা দেন মন্ত্রী। তাঁর বক্তব্য, শিল্পের জন্য জমি বরাদ্দ নিয়ে বছরের পর বছর ফেলে রাখা চলবে না। প্রয়োজনের অতিরিক্ত জমি থাকলে সরকারকে জানাতে হবে। ইতিমধ্যেই ৩৩টি জমি বরাদ্দের ক্ষেত্রে নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শুরু করার শর্ত জানানো হয়েছে শিল্প সংস্থাগুলিকে।
কেন্দ্রীয় সরকারের সহযোগিতার কথাও তুলে ধরেন তাপস রায়। তাঁর দাবি, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং কেন্দ্রীয় শিল্প-বাণিজ্য মন্ত্রক বাংলার শিল্পায়নে সহযোগিতা করছেন।
অন্যদিকে, পাণ্ডবেশ্বরের বিধায়ক জিতেন্দ্র তিওয়ারির অভিযোগ, অতীতে তোলাবাজির কারণে বাংলায় শিল্পের পরিবেশ নষ্ট হয়েছিল। নির্বাচনী ইশতেহারে শিল্পের পরিবেশ ফেরানোর প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল বলে জানান তিনি। এবার পাণ্ডবেশ্বরে শিল্প আসার কাজ শুরু হয়েছে বলেও দাবি বিধায়কের।
শিল্প সম্মেলনে উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী মৌমিতা বিশ্বাস মিশ্র, বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি-সহ একাধিক জনপ্রতিনিধি, প্রশাসনিক আধিকারিক এবং শিল্পপতি ও উদ্যোগপতিরা।