বালির চোরাচালান রুখতে পশ্চিম বর্ধমান জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি পাইলট প্রজেক্ট হাতে নেওয়া হচ্ছে। বৃহস্পতিবার পশ্চিম বর্ধমানের জেলা শাসকের আসানসোল স্থিত দপ্তরে আয়োজিত এক বৈঠক থেকে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হয়। জেলার প্রতিটি বৈধ বালিঘাটের মালিকদের নিয়ে এক উচ্চপর্যায়ের প্রশাসনিক বৈঠক থেকে এই মেগা প্রজেক্ট এর কথা ঘোষণা করেন জেলা শাসক পন্নামবলাম এস। ওই গুরুত্বপূর্ণ বৈঠকে দুর্গাপুরের দুই বিধায়ক লক্ষ্ণণ চন্দ্র ঘোড়ুই এবং চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি আসানসোল উত্তর কেন্দ্রের বিধায়ক কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় উপস্থিত ছিলেন। এদিনের বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ওই তিন বিধায়কই বলেন, এখন থেকে প্রতিটি বৈধ বালিঘাট থেকে প্রতি ট্রাক্টর বালির দাম বারোশো টাকা ধার্য করা হয়েছে। কোন ঘাট মালিকই নির্ধারিত দামের বেশি একটি পয়সাও দাবি করতে পারবেন না। লক্ষ্ণণ বাবু বলেন, বালি খাদান গুলির উপর প্রশাসনিক শীর্ষকর্তাদের নজরদারির পাশাপাশি তাঁদের দলীয় তরফেও বাড়তি নজরদারি রাখা হবে। কোথাও কোন বালি খাদান মালিক নির্ধারিত দামের থেকে বেশি দাম নিচ্ছেন কিনা তাও এই নজরদারির আওতায় রাখা হবে। কৃষ্ণেন্দু বাবু বলেন, এতদিন পর্যন্ত বিভিন্ন বালি খাদান গুলি থেকে যে যেমন খুশি পারতেন সেরকম অনুযায়ী দাম নির্ধারণ করে সাধারণ মানুষের কাছ থেকে বেশী টাকা আদায় করতেন। এখন থেকে খাদান মালিকরা আর এই ধরণের কোন অসাধুতা করার কোন সুযোগই পাবেন না। পরে জেলাশাসক পন্নামবলাম এস. বলেন, বর্ধমান জেলায় মোট ১৫ টি বৈধ বালি ঘাট রয়েছে। আরও ১২-টি বালিঘাট পরিবেশ দপ্তরের ছাড়পত্র পাওয়ার অপেক্ষায় রয়েছে। সেগুলি ছাড়পত্র পেয়ে গেলেই বালির সমস্যার অনেকটাই সমাধান হয়ে যাবে বলে আশা করা যায়। জেলাশাসক বলেন,খাদান মালিকদের সাথে আলোচনায় বেশ কয়েকটি প্রস্তাব দেওয়া হয়েছে। প্রতি ট্রাক্টর বালি ১২০০ টাকা দরে বিক্রি করতে হবে। এছাড়াও প্রতিটি বালিঘাটে সিসিটিভি বসানো বাধ্যতামূলক করার কথাও বলা হয়েছে। এর পাশাপাশি প্রতিটি বালিঘাটের জন্য একজন করে আধিকারিক পর্যায়ক্রমে তাঁদের দায়িত্ব পালন করবেন।বালির দাম সরকারিভাবে বেঁধে দেওয়ায় এখন থেকে আর বালির কালোবাজারি হওয়ার সুযোগ থাকবে না বলেই আশা প্রকাশ করেন জেলাশাসক থেকে শুরু করে জেলার তিন বিধায়কই।
কালোবাজারি রুখতে প্রতি ট্রাক্টর বালির দাম বেঁধে দিল প্রশাসন!
কালোবাজারি রুখতে প্রতি ট্রাক্টর বালির দাম বেঁধে দিল প্রশাসন!
নিউজ১ অডিও ভয়েস: এই খবরটি শুনুন
কালোবাজারি রুখতে প্রতি ট্রাক্টর বালির দাম বেঁধে দিল প্রশাসন! — ছবি: নিউজ১।